সেনা মোতায়েনের ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থা স্বাভাবিক: সেনাপ্রধান

২৩ জুলাই, ২০২৪ ২১:৪৫  

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে জানমালের ক্ষয়ক্ষতি করে যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এতে দেশের জনগণের (রাষ্ট্রীয়) অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। সেগুলোকে রক্ষা করা ও নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে।সেনাবাহিনী নিয়োগপ্রাপ্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে বলে আমি মনে করি।

তবে আমরা সবাই মিলে যদি কাজ করি, আশা করি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।  

রাজধানীর বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনায় পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।  

সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শুধু সেনাবাহিনী নয়, আমাদের সঙ্গে বিমানবাহিনী, নৌবাহিনীও ছিল।

পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীসহ আমরা সবাই মিলে একটা সুন্দর স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি।  

পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, কিছু সময় দিতে হবে। সেনাবাহিনী মাত্র ৪৮ ঘণ্টা হয়েছে এসেছে।

আমরা সবাই মিলে কাজ করলে আশা করি খুবই দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এ জন্য সবার সহযোগিতা কাম্য।

সেনাপ্রধান বলেন, এই পরিস্থিতিতে মিডিয়াকর্মীরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচার ও প্রকাশ করে আইন-শঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছেন। আশা করি এভাবে আরও দায়িত্ব পালন করবেন। তাই আহ্বান করবে, জনগণ মিডিয়া, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনী আমরা সবাই মিলে দেশটাকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চাই।

সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চিত অতিদ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব।